পিরোজপুরের কাউখালীতে ঝড়-বৃষ্টির মৌসুমের শুরুতেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার দুপুরে বয়ে যাওয়া কালবশৈাখী ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ১৮ ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে উপজেলার ২৫ সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ কাল বৈশাখীসহ মৌসুমী দুর্যোগ মোকাবেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ব প্রস্তুতি না থাকায় অল্প ঝড়-বৃষ্টি হলেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
জানা গেছে, প্রায় পাঁচ মাস পর শনিবার রাতে ও রবিবার দুপুরে বৃষ্টিপাতের সাথে হালকা ঝড় বয়ে যায়। শনিবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১২ ঘণ্টা পর রবিবার সকালে বিদ্যুৎ আসলেও পুনরায় রবিবার বিকালে ঝড় বইলে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে সোমবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি।
বিদ্যুৎ গ্রাহক জয়নাল আবেদীনের অভিযোগ, পল্লী বিদ্যুতের লোকজন সংযোগ বাণিজ্য নিয়ে ব্যস্ত। ঝড় মোকাবেলায় কোন পূর্ব প্রস্তুতি নেয়া হয় না। আর এ কারণেই আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে হাজার হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হয়। পল্লী বিদ্যুৎ সমিতির লাইম্যান কাজ তদারকিতে ব্যস্ত থাকায় অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।