ইয়েমেনে রেডক্রসের ত্রাণবাহী বিমান যেতে বিলম্ব হচ্ছে

 
রেডক্রস বলেছে, ইয়েমেনের উদ্দেশ্যে ছেড়ে যেতে ত্রাণবাহী একটি বিমান প্রস্তুত রয়েছে। তবে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে অবতরণজনিত সমস্যার কারণে বিমানটির যেতে বিলম্ব হচ্ছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) মহিলা মুখপাত্র সিতারা জাবীন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘চিকিত্সা সামগ্রীবাহী একটি মালবাহী বিমান প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘চিকিত্সা সামগ্রীবাহী বিমানের ইয়েমেনে যাওয়ার অনুমতি আছে। তবে অবতরণের জন্য উল্লেখযোগ্য কিছু সমস্যা রয়েছে। ইয়েমেনে অনেক কম সংখ্যক বিমান অবতরণ করছে। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
রেডক্রস এডেন নগরীতে অস্ত্রোপচারকারী একটি দল পাঠানোরও চেষ্টা করছে। তবে এর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের অনুমোদন প্রয়োজন।
সংস্থাটি ৪৮ মেট্রিক টন চিকিত্সা ও অস্ত্রোপচার সামগ্রী ইয়েমেনে পাঠাতে অবিলম্বে স্থল, নৌ ও বিমান পথ খুলে দেয়ার আহ্বান জানিয়েছে।
আইসিআরসি এডেন নগরীতে ২৪ ঘন্টার অস্ত্রবিরতির আহবান জানিয়েছে। অন্যদিকে রাশিয়া বিমান হামলার মধ্যে ‘সাময়িক বিরতি’ দেয়ার প্রতি সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।