ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি ও পাথরবাড়ে গ্রামে প্রায় ৫ হাজার পাখি মারা গেছে। সোমবার ভোর চারটার দিকে ঝড়ের সাথে প্রচন্ড শিলাবৃষ্টির ঘটনা ঘটে।
মৌকুড়ি গ্রামের বাসিন্দরা জানায়, বেশ কয়েক বছর ধরে গ্রামের একটি বাঁশঝাড় ও আশেপাশের বাগানে নানা প্রজাতির পাখি আবাসস্থল গড়ে তোলে। ভোরে ঝড়ের সাথে বড় বড় শিলার আঘাতে প্রায় পাঁচ হাজার পাখি মারা যায়। সকালে বাঁশবাগান ও আশেপাশের এলাকায় অসংখ্য মৃত পাখি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে বিভিন্ন প্রজাতির শালিকের সংখ্যা বেশি ছিল। গ্রামের লোকেরা মৃত পাখিগুলো কয়েক জায়গায় স্তুপ করে রাখে। পাখরবাড়ে গ্রামের একটি বাগানেও একই অবস্থা দেখা যায়।
উল্লেখ্য, দু বছর আগে শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে ঝড়ে একটি মেহগনি বাগানে বসবাসরত প্রায় সাত হাজার পাখি মারা গিয়েছিল।