পাকিস্তানে দুটি সফর বাতিল করায় প্রায় সোয়া তিন লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশে বাংলাদেশ সফর না করায় নয় লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলো। এই দাবি পুরোটা আমলে না নিলেও বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তাদের ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়া হবে। এই সিদ্ধান্ত চিঠি দিয়ে পিসিবিকে জানানো হবে। এর বেশি অর্থ দিতে রাজী নয় বিসিবি।
সভা শেষে বিসিবি সভাপতি জানান, ক্ষতিপূরণ দেয়ায় সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘পিসিবির দাবি ছিল প্রায় ৯ লাখ ডলার। আমাদের তিন লাখ ডলারের ওপরে দেয়ার ইচ্ছা ছিল না। কিন্তু সব দেখে সোয়া তিন লাখ ডলার ঠিক করেছি। তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, এ নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা বলা যাবে না। এখানে সব পরিষ্কার হয়ে গেলে।’