প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন এবং ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রত্যেক জেলা প্রশাসককে নিজ নিজ এলাকায় প্রথমে গৃহহীন মানুষ খুঁজে বের করা এবং তাদের জন্য খাসজমি বরাদ্দ দেয়া ছাড়াও গৃহনির্মাণে আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
সোমবার পটুয়াখালী ও নেত্রকোনা জেলা উন্নয়ন কমিটি এবং বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের শাসনামলে কেউ গৃহহীন থাকবে না। কারণ বাসস্থানের সুবিধা মানুষের মৌলিক অধিকারভুক্ত। এছাড়া নদীভাঙ্গন বা প্রাকৃতিক দুর্যোগে ঘর-বাড়িহারাদের প্রত্যেকের জন্য বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, দেশের খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত বরিশাল বিভাগ দীর্ঘদিন অবহেলিত ছিল। আওয়ামী লীগ সরকার এর গৌরব পুনরুদ্ধারে পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে এ বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। পায়রা বন্দর নির্মিত হয়েছে এবং বরিশালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। কলকারখানা সম্প্রসারণে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।