দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সালেহ আহমেদের অসাধারণ বোলিংয়ে সোমবার সাভারের বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে তরুণরা।
টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে দ. আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন উইয়ান মুল্ডার। ১০ ওভার বল করে ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন লেগস্পিনার সালেহ আহমেদ। জবাবে ১২ ওভার ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে তারা।
তিন সপ্তাহের সফরে গত শুক্রবার বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তারা সাতটি ইয়থ ওয়ানডে খেলবে। আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেও হবে এই মাঠেই।