মুক্তির পর অভাবনীয় সাফল্য পেয়েছে ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭। মুক্তির প্রথম দিনেই ১৪৩ দশমিক ছয় মিলিয়ন পাউন্ড আয় করে রেকর্ড গড়ে টপ চার্টের শীর্ষ স্থান দখল করেছে ছবিটি। ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি 'ক্যাপ্টেন আমেরিকা'র উদ্বোধনী দিনের ৯৫ মিলিয়নের রেকর্ডকে ছাড়িয়ে গেল।
ছবিটিতে প্রয়াত হলিউড অভিনেতা পল ওয়াকারকে দেখার জন্য বিশ্বব্যাপী সিনেমা হলগুলোতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ফিউরিয়াস ৭ এ পল ওয়াকারের অসমাপ্ত কাজগুলো ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
হলিউডের অন্যতম কাঙ্ক্ষিত ছবি ‘ফিউরিয়াস ৭’ সারাবিশ্বের সাথে বাংলাদেশেও মুক্তি পেয়েছে। তবে রূপালী পর্দায় ছবিটি দেখার সুযোগ আপাতত ঢাকাবাসীর জন্যই সীমাবদ্ধ। গত শুক্রবার বসুন্ধরা সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি পেয়েছে।
ছবিটি ফাস্ট এন্ড ফিউরিয়াস সিরিজের আগের ছবিগুলোতে অভিনয় করা পল ওয়াকারের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। ২০১৩ সালে ৪০ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান এই অভিনেতা। সূত্র: ইয়াহু নিউজ