আইনি সুযোগ নেই তবু উন্নয়ন সারচার্জ

উন্নয়ন সারচার্জ আরোপের আইনি ক্ষমতা না থাকলেও সরকার তা আরোপ করেছে। ইতিমধ্যে দুটি খাতে উন্নয়ন সারচার্জ আরোপিত রয়েছে। এগুলো হচ্ছে ‘স্বাস্থ্য উন্নয়ন’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন’ সারচার্জ। বর্তমানে মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থের ওপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের কথা উঠলে বিষয়টি স্পষ্ট হয় যে, সংসদে আইন পাস না করে এ ধরনের সারচার্জ আরোপ করা যায় না।

সংবিধানের অনুচ্ছেদ ৮১(১)ক অনুযায়ী, ‘যে কোন কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ অর্থবিলে অন্তর্ভুক্ত করিতে হইবে’। সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী, ‘সংসদের কোন আইনের কর্তৃত্ব ব্যতীত কোন কর আরোপ করা যাইবে না’। আইনের এই বাধ্যবাধকতার বিষয়টি উপেক্ষা করেই সারচার্জ আরোপ করা হয়েছে। ফলে, কেউ যদি এখন চ্যালেঞ্জ করে তবে আদায়কৃত অর্থ ফেরত দিতে হবে।
প্রথম দুটি ক্ষেত্রে সারচার্জ আরোপ করলেও মোবাইল সিমের ওপর আরোপের বিষয়টি আলোচনায় এলে আইনের বিষয়টি সামনে চলে আসে। মোবাইল কোম্পানিগুলো তত্পর হলে আইনি সীমাবদ্ধতার বিষয়টি সামনে চলে আসে। তখন এ সংক্রান্ত প্রস্তাবে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সম্মতি প্রদানে বিরত থাকে এবং সমস্যাটি ধরিয়ে দিলে মোবাইল সিমের ওপর সারচার্জ আরোপ পিছিয়ে যায়।
বিকল্প হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ আইন ২০১৪-এ নতুন ভাবে বিষয়টি সন্নিবেশ করার প্রস্তাব দেয়। কিংবা মূল্য সংযোজন কর বা ভ্যাট যেভাবে আদায় করা হয় একই পদ্ধতিতে উন্নয়ন সারচার্জ আরোপ ও আদায়ের প্রস্তাব করে। এ নিয়ে পরবর্তীতে সংসদ বিভাগের সচিব সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। তাতে অর্থ আইন সংশোধনী কিংবা মূল্য সংযোজন কর যেভাবে আদায় করা হয় একই পদ্ধতিতে উন্নয়ন সারচার্জ আরোপ ও আদায়ের আইনগত সুযোগ নেই মর্মে সংসদ বিভাগ সবাইকে অবহিত করে।
এ অবস্থায় আইন মন্ত্রণালয় এ ধরনের সারচার্জ আরোপের জন্য বরং নতুন আইন প্রণয়নের প্রস্তাব দেয়। তারই ভিত্তিতে গত মন্ত্রিসভা বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আরোপ এবং আদায় সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করা হয় যা পরবর্তীতে সংসদে পাস করা হবে। এক্ষেত্রে বর্তমানে আদায়কৃত ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ’, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সারচার্জ’ আদায়ের আইনি কর্তৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন  হলে, আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগার থেকে ফেরত দেয়া হতে পারে । কেননা, নতুন আইন প্রণয়ন করা হলে তা জারির তারিখ থেকেই কার্যকর হবে এবং এর দ্বারা ইতিমধ্যে আদায় করা অর্থের সুরক্ষা দেয়া কঠিন।

মোবাইল কল চার্জ ও অন্যান্য সেবার উপর এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ করলে বছরে ১৪০ কোটি টাকা আদায় সম্ভব হবে যা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় হবে। আলোচ্য সারচার্জ মোবাইল ফোন ব্যবহারকারীরা বিল পরিশোধকালে পরিশোধ করবে এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর সেবামূল্যের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে ভোক্তার কাছে থেকে সংগ্রহ করলে তাদের সিস্টেমে বড় কোন পরিবর্তন আনতে হবে না বলেও এনবিআর মত দিয়েছে। বিষয়টি নিয়ে মোবাইল কোম্পানিগুলো সরব হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়।