প্রধানমন্ত্রীর সাথে থানা-ওয়ার্ড নেতাদের বৈঠক মঙ্গলবার

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একক কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার রাজধানীর সকল থানা ও ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের গণভবনে ডাকা হয়েছে। সন্ধ্যা ৭টায় তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণ করার ব্যাপারে কিছু দিকনির্দেশনা দিবেন। এদিকে সোমবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী প্রত্যেককে প্রত্যাহারপত্র জমা দিতে বলা হয়েছে। রবিবার লালবাগ, সূত্রাপুর, কোতয়ালী, শ্যামপুর ও ধানমণ্ডি এলাকার ওয়ার্ডগুলোর মনোনয়ন প্রত্যাশীরা প্রত্যাহারপত্র জমা দিয়েছেন। জানা গেছে, একক কাউন্সিলর প্রার্থী করার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্তের অংশ হিসেবে আগে এই প্রত্যাহারপত্র নেয়া হচ্ছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাজ ইত্তেফাককে জানান, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ। এ কারণে দলের একক প্রার্থী চূড়ান্ত করতে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে আওয়ামী লীগ কোন ছাড় দিবে না।
 
এদিকে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত একক প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। প্রচারণার জন্য সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে ইতোমধ্যে দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় আগামী ৮ এপ্রিল পৃথক চারটি পথসভা কর্মসূচির মাধ্যমে দল সমর্থিত একক প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। এরমধ্যে উত্তরে দুটি ও দক্ষিণে দুটি পথসভা হবে। এর আগে ৭ এপ্রিল নির্বাচনী আচরণবিধি মেনেই দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাদক ও সন্ত্রাস নির্মূল করে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য, উন্নত ও শান্তির ঢাকা গড়ার অঙ্গীকার নিয়ে তাদের নিজ এলাকায় গণসংযোগ করবেন। লালবাগ এলাকায় গণসংযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের একক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামী ১০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মেয়র প্রার্থী সাঈদ খোকন, হাজি সেলিম এমপি, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণের তৃণমূলের সকল নেতা উপস্থিত থাকবেন। সোমবার সকালে রমনা থানার ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা, বিকালে হোটেল ইম্পিরিয়ালে বিক্রমপুর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, ৮ এপ্রিল বুধবার সকালে শ্যামপুর, বিকালে সূত্রাপুর, বিকালে খিলক্ষেত এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে পথসভা এবং ৯ এপ্রিল গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
 
একক কাউন্সিলর প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর হাতে
সূত্র জানায়, ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি সংসদীয় আসনের একক কাউন্সিলর প্রার্থীর একটি তালিকা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে। রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দফায় দফায় দিনভর বৈঠক শেষে রাতে দায়িত্বপ্রাপ্ত ৮টি কমিটির নেতারা গণভবনে গিয়ে এ তালিকা তুলে দেন। একক কাউন্সিলর প্রার্থী ঠিক করতে ঢাকা মহানগরের ১৫টি আসনের জন্য ১৫টি কমিটি করা হয়েছিল। বাকি কমিটিগুলোও শিগগিরই এ তালিকা জমা দিবেন। পরে প্রধানমন্ত্রী কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবেন। এরপর অন্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বলা হবে। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
 
নেতাকর্মীদের ভোটারদের বাড়িতে যাওয়ার নির্দেশ
সূত্র জানায়, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দলের একটি প্রতিনিধি দল শনিবার রাতে সাঈদ খোকন ও হাজি সেলিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাঈদ খোকনের পক্ষে প্রচারণায় জোরালোভাবে অংশ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন হাজি সেলিম। এদিকে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের সফলতা ও বিএনপির নাশকতার চিত্র তুলে ধরে একক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রবিবার খিলগাঁও থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ নির্দেশ দেয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী সাঈদ খোকন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।