ফাঁসির প্রস্তুতি সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। তবে রায় পুনর্বিবেচনা (রিভিউ) খারিজের কপি এখনো তাদের হাতে পৌঁছেনি। তাই ফাঁসি কার্যকর করা যাচ্ছে না।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী ইত্তেফাককে বলেন, ‘রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের প্রস্তুতি আছে।’
ফরমান আলী বলেন, ‘কপি পাওয়ার পর কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হবে। তিনি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেই প্রক্রিয়া শুরু করা হবে। আর ক্ষমা প্রার্থনা না করলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) বহাল রাখেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেন তারা। এরপর ফাঁসির প্রস্তুতি চূড়ান্ত করে কারা কর্তৃপক্ষ। এই যুদ্ধাপরাধী রাষ্ট্রপতির অনুকম্পা চাইবেন কি-না সে প্রশ্নের সুরাহা না হওয়ায় আটকে আছে তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া।