কঠিন বাস্তবের মুখোমুখি সালডানা


পর্দা কিংবা পত্রিকার পাতায় আমরা যতই তাদের হাসিখুশি দেখি না কেন, বাস্তব জীবনের মুখোমুখি তারকাদেরও হতে হয়। আর এই জীবন কখনো কখনো তারকাদের কাছেও হয়ে ওঠে খুব নিষ্ঠুর। ‘অ্যাভাটার’ ছবির তারকা অভিনেত্রী জো সালডানা অন্তত এমনটিই মনে করেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের সম্পর্কে এই তথ্য দিলেন সালডানা নিজেই। আসলে মাস চারেক আগেই যমজ সন্তানের মা হয়েছেন সালডানা। এই সময় অন্য সব মায়ের মতো সালডানাও চাইছেন তার সন্তানদের দেখাশুনাতেই পুরোটা সময় ব্যয় করতে। কিন্তু কাজের ঝামেলায় এই ইচ্ছাটা আর পূরণ হচ্ছে না এই অভিনেত্রীর। সন্তানদের বাড়িতে রেখে অভিনয়েই মন দিতে হচ্ছে তাকে।
এই প্রসঙ্গে সালডানা বলেন, ‘প্রত্যেক মা-ই এ সময়টা সন্তানের সাথে কাটাতে চায়। কিন্তু অনেক সময় চাইলেও সব কিছু করা যায় না। আমার মনে হয় জীবন সম্পর্কে এই কঠিন সত্যটা এই সময় থেকেই আমাদের সন্তানের সামনে উদাহরণ হিসেবে রেখে দিতে পারছি।’