স্বামীর সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবারো স্মারকলিপি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ‘নিখোঁজ’ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার সকাল ১১টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি নিয়ে যান তিনি। প্রধানমন্ত্রীর পক্ষে কার্যালয়ের ৪নং গেটে কর্মরত অফিস সহকারী আব্দুল হামিদ এ স্মরকলিপি গ্রহণ করেছেন।
এর আগে গত ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রথম স্মারকলিপি দিয়েছিলেন তিনি। ১৯ দিনের মাথায় আবারো স্বামীর সন্ধান চেয়ে স্মারকলিপি দিলেন। সালাহ উদ্দিনের সন্ধান না মেলা পর্যন্ত এভাবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বলেও জানান প্রাক্তন এই সাংসদ।
স্মারকলিপি দেওয়ার পর হাসিনা আহমেদ উপস্থিত সাংবাকিদদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমার ও ছেলেমেয়েদের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে তাকে (সালাহ উদ্দিন) খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেবেন।’
স্মারকলিপিতে সালাহ উদ্দিন ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা এবং তাকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানান হাসিনা আহমেদ। তার স্বামীকে খুঁজে বের করার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন।
তার অভিযোগ, ১০ মার্চ রাত ৯টা থেকে ১০টার মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামী সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যায়।