শাহজালালে স্বর্ণসহ আটক ৬

 
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও গয়নাসহ ছয়জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন পৌনে দু‌ই কেজি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আটককৃতরা হলেন- কামরুল হাসান ও তার স্ত্রী ইসমত আরা, মহসিন বাদল ও তার স্ত্রী জেসমি , মজিবুর রহমান ও আজাদ।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় পৌঁছান ঐ ছয় যাত্রী। বিমানবন্দরের দুই নম্বর ক্যানপি থেকে তাদের আটক করা হয়। যাত্রীদের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার ও ৩০০ গ্রাম ওজনের গয়না উদ্ধার করা হয়েছে।