শত বছর বয়সী নারীর সাঁতারে অনন্য রেকর্ড

 
জাপানের একশো বছর বয়সী নারী মেইকো নাগাওকা শনিবার দেশটির মাত্সুয়ামায় এক সাঁতার প্রতিযোগিতায় ১৫০০ মিটার পাড়ি দিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিত্সাঁতার দিয়ে পুলটি পাড়ি দিতে তার সময় লাগে সোয়া এক ঘণ্টারও বেশি। ৮২ বছর বয়সে সাঁতার শুরু করেন মেইকো নাগাওকা। এই বয়সে একই দূরত্বে ৫০ মিটার পুলে সাঁতারের রেকর্ড তার আগেই ছিল। তবে এবার তিনি সাঁতার কাটলেন ২৫ মিটার পুলে।
প্রতিযোগিতায় ১০০ থেকে ১০৪ বছর বয়স-সীমার বিভাগে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী। তার বয়সের বিভাগে এরই মধ্যে বিশ্বরেকর্ডের অধিকারী তিনি।
ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনের অ্যাওয়ার্ড পাওয়া এই সাঁতারুর ঝুলিতে ২৪টি শিরোপা রয়েছে।
হাঁটুর থেরাপি হিসেবে সাঁতার শুরু হয়েছিল যার সেই নাগাওকা পরে প্রতি সপ্তাহে প্রচুর অনুশীলন শুরু করেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। তার পরিবারের অন্য সদস্যরাও সাঁতারু বলে তিনি জানান।
বেঁচে থাকলে ১০৫ বছর বয়স পর্যন্ত সাঁতার চালিয়ে যেতে চান নাগাওকা।