ভারতের গোয়ায় নারীদের পোশাক পাল্টানো কক্ষে গোপন ক্যামেরা রাখার অভিযোগে ‘ফ্যাবইন্ডিয়া’ নামে একটি পোশাক কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেছে পুলিশ। ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ এই পদক্ষেপ নেয়। খবর এনডিটিভি’র।
স্মৃতি গত শুক্রবার পর্যটন রাজ্য উত্তর গোয়ার কালাঙ্গগুতে নামে শহরটিতে কেনাকাটা করতে যান। সেখানে ‘ফ্যাবইন্ডিয়া’ কোম্পনির ওই দোকানটিতে পোশাক পাল্টানোর সময় তিনি গোপন ক্যামেরা দেখতে পান। পরে এ ব্যাপারে স্থানীয় পুলিশকে জানান তিনি। পুলিশ দোকানটি বন্ধ করে দেয় এবং এর চার কর্মীকে গ্রেফতার করে। অবশ্য পরে তারা জামিনে মুক্তি পান।
মঙ্গলবার পুলিশ দোকানটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক ব্যবস্থাপক, পরিচালকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট ১১জনের বিরুদ্ধে সমন জারি করে।
পুলিশ বলছে, গোপন ক্যামেরা স্থাপন এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা নিয়ে ওই কোম্পানির কর্মপন্থার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে সমন পাঠানো হয়েছে।