যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলে তিন মুসলিম শিক্ষার্থী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলে ফাঁসির সাজা হতে পারে ক্রেইগ স্টিফেন হিকসের। নর্থ ক্যারোলাইনা স্টেটের এক জ্যেষ্ঠ বিচারক এক আদেশে এ কথা জানান। খবর বিবিসির।
আদালতে বিচারক ওরল্যান্ডো হাডসন তার এক আদেশে বলেন, ‘তিন শিক্ষার্থী হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি ক্রেইগ হিকসের মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।’
ওরল্যান্ডো বলেন, ‘যে দুটি যুক্তি কৌঁসুলিরা উপস্থাপন করেছেন, তা হিকসের মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্তির জন্য উপযুক্ত। গত ফেব্রুয়ারিতে বাড়ির দরজা থেকে বের হতেই দিয়াহ বারাকাত, তার স্ত্রী মোহাম্মদ আবু সালহা এবং সালহার বোন ১৯ বছর বয়সী রজন মোহাম্মদ আবু সালহাকে গুলি করে হত্যা করেন তিনি। মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় সে এ কাজ করেছে বলে বারাকাতের পরিবার দাবি করেছে এবং এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করে পরিবার। সে সময় এ ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া, সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি বারবার উঠে আসে। এ দিকে, যুক্তরাষ্ট্রীয় গোয়েন্দারা হিকসের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করেছেন এবং তার বিরুদ্ধে আরো অভিযোগ আনতে পারেন বলে জানা গেছে।