ইজিপ্ট এয়ারের কাছ থেকে লিজে আনা একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গোদের ওপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে।
উড়োজাহাজ সংকটের কারণে জাতীয় পতাকাবাহী বিমানের আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে বিপর্যয় দেখা দেয়। আর এ কারণে বিমান গতবছর মার্চ মাসে ইজিপ্ট এয়ারের কাছ থেকে জরুরি ভিত্তিতে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ পাঁচ বছরের জন্য লিজ নেয়। উভয় উড়োজাহাজই পুরনো। এর মধ্যে একটির মাঝেমধ্যে কারিগরি ত্রুটি লেগেই আছে।
গত ৫ ফেব্রুয়ারি উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে দুবাই যাচ্ছিল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের আধা ঘণ্টা পর মধ্য-আকাশে এর ইঞ্জিনে দেখা দেয় মারাত্মক ত্রুটি। পরে এটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য বেঁচে যান ওই ফ্লাইটের প্রায় অড়াই শ আরোহী।
প্রায় দেড় মাস ধরে উড়োজাহাজটির উড্ডয়ন বন্ধ রাখা হয়। গত ১৫ মার্চ বিদেশ থেকে একটি ইঞ্জিন এনে তা ওই উড়োজাহাজে লাগানো হয়। কিন্তু তাতেও আবার ত্রুটি ধরা পড়েছে। মঙ্গলবার পর্যন্ত এর উড্ডয়ন বন্ধ ছিল। কবে তা উড্ডয়ন করতে পারবে তা কেউ বলতে পারেনি।
এ দিকে, একই এয়ারলাইন্স থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালানোর জন্য লিজে আনা একটি ড্যাশ-৮ টার্বো প্রোপেলার উড়োজাহাজেও সোমবার উড্ডয়নকালে ত্রুটি ধরা পড়ে। এটির উড্ডয়নও বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে বিমানের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।