বগুড়ায় যাত্রীবাহী বাসে আগুন

বগুড়ায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া- নামুজা সড়কে সদরের ল্যাংড়ার বাজার এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও যাত্রীদের কেউ হতাহত হয়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ১০-১৫ জন যুবক মোটরসাইকেল যোগে ন্যাংড়ার বাজার এলাকায় আসে। এসময় ল্যাংড়ার বাজার বাস স্ট্যান্ডে আন্তঃজেলায় চলাচলকারী মা-বাবার দোয়া পরিবহন নামের  একটি যাত্রীবাহী বাস জেলার শিবগঞ্জের পিরব থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে এসে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। দুর্বৃত্তরা বাসটি থামার পরপরই লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে  আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে যায়। এরপর বাসের চালক ও হেলপারকে মারপিট করে বাস থেকে নামিয়ে দেয়ার পর পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায় । বাসে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। এরপরই পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। বাসে আগুন দেয়ার পর ওই সড়কে যানবাহন চলাচল কমে যায়।
 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল বাসার জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে বাসটির আংশিক পুড়ে গেছে।