পুঁজিবাজারে দরপতন চলছে

 
 
 
পুঁজিবাজারে পাঁচ কর্মদিবস ধরে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন চলছে। 
ডিএসইতে পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ১৮৫ পয়েন্ট কমেছে। মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫২ কমে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১৬ কমে ১ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেনের অর্ধেকই হয়েছে ১০ কোম্পানি ঘিরে। কোম্পানিগুলো হলো—ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটো, এসিআই, মবিল যমুনা, গ্রামীণফোন, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, ফার্মা এইড, শাহজীবাজার পাওয়ার এবং স্কয়ার ফার্মা।
তথ্যে দেখা গেছে—ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮ট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দর।
মঙ্গলবার লেনদেনের কেন্দ্রে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৯ লাখ টাকার, যা বাজারের মোট লেনদেনের ৩২ শতাংশ। এ ছাড়া, ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাতে লেনদেন হয়েছে ৯৬ কোটি টাকার, যা বাজারের মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশ।
অপর দিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৭ কমে ১৩ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।