ইসরাইলকে স্বীকৃতি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির অংশ নয় : ওবামা

 
ইরানের সাথে ছয় বিশ্বশক্তির হতে যাওয়া পরমাণু চুক্তিতে ইসরাইলকে ইরানের স্বীকৃতির শর্ত রাখার তেলআবিব-এর দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি একে ‘মৌলিক ভুল’ বলে উল্লেখ করেছেন।
ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলের প্রস্তাবের পর ওবামা সোমবার রেডিও নেটওয়ার্ক এনপিআরকে বলেন, ইসরাইলকে ইরান স্বীকৃতি দেবে এমন দাবি চুক্তির বাইরের বিষয়।
তিনি বলেন, ‘আমরা শর্ত দেব, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। ইরান সরকার তাদের মনোভাব ও প্রকৃতি সম্পূর্ণ বদলে না ফেলা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে না।’
তিনি বলেন, ‘ইসরাইলকে স্বীকৃতি দেয়ার শর্ত জুড়ে দেয়া হলে তা মৌলিক ভুল হবে বলে আমি মনে করি।’
গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির রূপরেখার ঘোষণা দেয়া হয়। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসরাইল সরকার। রূপরেখা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ পারমানবিক চুক্তির কথা বলেছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার দাবি করেন, ইসরাইলের টিকে থাকার অধিকারকে ইরানের স্বীকৃতি দিতে হবে- তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে এমন শর্ত লিখিত থাকতে হবে।
ইসরাইলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইউভাল স্টেইন্তজ সোমবার সাংবাদিকদের বলেন, 'ইসরাইলের নিরাপত্তার জন্য ওবামার ইতিপূর্বের অঙ্গীকার প্রশংসার যোগ্য। তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা ইসরাইলের জন্য একটা বিরাট হুমকি'।
চুক্তির রূপরেখা অনুযায়ী, ইরান আগামী ১৫ বছরে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস করবে। বিনিময়ে দেশটির ওপর থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: এএফপি