রাজধানীর শেরেবাংলা নগরস্থ পঙ্গু হাসপাতালের সামনে থেকে মঙ্গলবার দুপুরে র্যাব-২-এর সদ্যরা ১৬ জন দালালকে আটক করেছে। এ ছাড়া, দালালচক্রদের সহযোগিতা করার জন্য হাসপাতালের চারজন কর্মচারীকে গ্রেফতার করা হয়। তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দালালচক্রের সদস্যরা পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের কম টাকায় চিকিত্সা করার প্রলোভন দিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মো. সালাহ্ উদ্দিন আহমেদের এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।
র্যাব সূত্র জানিয়েছে—আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় ৯ জনকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড এবং অপর ৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনে কারাদণ্ড প্রদান করা হয়েছে।