রাজধানীর খিলগাঁওয়ে মঙ্গলবার বিকালে সন্ত্রাসীরা একজনকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম জয়নাল (৩৭)। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে—নিহত জয়নালের শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো বেশ কয়েকটি ক্ষত রয়েছে। তবে কারা, কখন এবং কেন তাকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ।
খিলগাঁও থানা সূত্র জানায়—নিহত জয়নালের গ্রামের বাড়ি শরিয়তপুরে। তার বাবার নাম আব্দুল জলিল। নিহত জয়নালের শ্বশুরবাড়ি ভূইয়াপাড়ায়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মেরাদীয়া ভূইয়াপাড়া বস্তির পাশে আশিবাড়ি গলিতে দুটি বাড়ির মধ্যখানে আমগাছের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ভূইয়াপাড়ার খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে—হত্যার খবর পাওয়ার পর পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে—এটা পারিবারিক হত্যাকাণ্ড কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।