‘সিটি নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর পরিণতি’

 
 
 
 
 
 
 
 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘হরতাল প্রত্যাহার করে সিটি নির্বাচনে অংগ্রহণ করার মাধ্যমে বিএনপির দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে সিটি নির্বাচনে অংশগ্রহণের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।’ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল-বিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘অবশেষে তিনি (খালেদা) ঘরে ফিরে গেলেন। কিন্তু কী লাভ করে গেলেন? শতাধিক মানুষকে হত্যা করলেন! এটা বড়ই অপরাধ। এ থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। এর জবাব তাকে দিতেই হবে। এর জন্য তাকে বিচারের আওতায় আনা হবে।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শুধু কামারুজ্জামান নয়, এ দেশের মাটিতে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করে রায় কার্যকর করা হবে। এ বিচার আমাদের নির্বাচনপূর্ব অঙ্গীকার ছিল। বিচার কার্যকরের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে, পূরণ হবে। কামারুজ্জামানের ফাঁসির রায় যেকোনো সময় কার্যকর হবে। আর এর মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হবে।’
সম্মিলিত আওয়ামী সমর্থক জোট চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলনসহ জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।