খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবির আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দিয়েছে। এটি আদালত অবমাননার শামিল।’ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল-বিরোধী মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সহিংসতা করে কোনো লাভ হবে না। সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় বাংলাদেশে কার্যকর করা হবে। কাউকেই রেহাই দেয়া হবে না।’
কামরুল ইসলাম বলেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষ করেই জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পর্যায়ক্রমে আদালতের সকল রায় কার্যকর করা হবে। এ বিষয়ে কোনো রকম সমঝোতার প্রশ্নই আসে না।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একাত্তরের ঘাতকদের সঙ্গে মিলে রাজনীতি করছে। খালেদা জিয়ার সুমতি ফিরে এসেছে এটা ভালো, তবে তার কৃতকর্মের বিচার হবেই।’
সম্মিলিত আওয়ামী সমর্থক জোট চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলনসহ জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।