ঢাকা উত্তরের প্রার্থী হিসেবে থাকছেন তাবিথ

 
আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ খারিজ হয়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের মেয়র পদের জন্য লড়াইয়ে টিকে থাকলেন তিনি। সোনালী ব্যাংকের অভিযোগের শুনানি করে মঙ্গলবার রাতে তাবিথের প্রার্থীতা বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।
এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১ এপ্রিল তাবিথের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
এরপর তাবিথের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলে এই নির্বাচনের আপিল কর্তৃপক্ষ, ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছিল সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
মেয়র পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তার ছেলে তাবিথকে দলীয় সমর্থন দেয়া নিয়ে আলোচনা চলছে। সমর্থন পেতে সোমবার রাতে তাবিথ খালেদা জিয়ার সঙ্গে দেখাও করেন।