তিন সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকার দুই সিটির চেয়ে চট্টগ্রামের প্রার্থীদের সম্ভাব্য ব্যয় কম। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামের মেয়র প্রার্থীদের মধ্যে সবেচেয়ে বেশি অর্থ ব্যয় করবেন আনিসুল হক। ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থীর সম্ভাব্য নির্বাচনী ব্যয় ৫০ লাখ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের সম্ভাব্য ব্যয় ২৫ লাখ ৫৭ হাজার ৬৫০ টাকা। তিন সিটির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে তার সম্ভাব্য নির্বাচনী ব্যয় সবচেয়ে কম।
নির্বাচন কমিশনে প্রার্থীদের হলফনামার সাথে জমা দেয়া আয়-ব্যয়ের বিবরণী বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। প্রার্থীদের আয়-ব্যয়ের বিবরণী থেকে জানা যায়, তিন সিটির মধ্যে ঢাকা উত্তর সিটির প্রার্থীরা নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয় করতে চান। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে আনিসুল হকের বিপরীতে মনোনয়নপত্র দাখিলকারী বিকল্পধারা সমর্থিত মাহী বি চৌধুরী সম্ভাব্য ব্যয় হিসেবে ৩৩ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করেছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্বাচনে ৩০ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক উপদেষ্টা ও ডেটকো প্রাইভেট লিমিটেডের পরিচালক ববি হাজ্জাজেরও সম্ভাব্য নির্বাচনী ব্যয় ৫০ লাখ টাকা।
ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সম্ভাব্য নির্বাচনী ব্যয় ৩০ লাখ টাকা। তার বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনের সম্ভাব্য ব্যয় ৩১ লাখ ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিও সর্বোচ্চ ৩০ লাখ টাকা সম্ভাব্য নির্বাচনী ব্যয় হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম নির্বাচনে ব্যয় করতে চান ৩০ লাখ টাকা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটার সংখ্যা অনুপাতে ঢাকা উত্তরের মেয়র প্রার্থীরা সর্বোচ্চ ৫০ লাখ এবং ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ঢাকা উত্তরে ভোটার রয়েছেন ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এ হিসাবে ভোটার প্রতি মেয়র প্রার্থীদের সম্ভাব্য খরচ ২ টাকা ১৩ পয়সা। ঢাকা দক্ষিণে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। এ সিটিতে ভোটার প্রতি ১ টাকা ৬০ পয়সা খরচের সুযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। এখানে ভোটারপ্রতি খরচ হবে ১ টাকা ৬৫ পয়সা।