উলফা নেতা ও তার সহযোগীর যাবজ্জীবন

 
 
আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ও তার সহযোগী প্রদীপ মারাককে দুটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
বুধবার জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল আলম এই রায় দেন। এ সময় আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব।
 
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৭ জুলাই ভোরে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের একটি বিশেষ দল ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের আবেদীন হাসপাতালের সামনে থেকে বাসের জন্য অপেক্ষমাণ উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে রঞ্জন চৌধুরীর ব্যাগ থেকে চারটি হাতবোমা, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে। এছাড়াও তার কোমর থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার এবং প্রদীপ মারাকের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভৈরব থানায় দুটি মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।