রিয়াদকে নিয়ে উৎসবমুখর ময়মনসিংহ

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে জাতীয় বীরের মতো বরণ করে নিলো ময়মনসিংহবাসী।
 
মঙ্গলবার বিকালে স্থানীয় সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তাকে দেয়া হয় সংবর্ধনা। ঘোড়ায় চড়ে তিনি সংবর্ধনা স্থল সার্কিট হাউজ মাঠে উপস্থিত হন।
 
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সংবর্ধনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর থেকেই ক্রিকেটার রিয়াদকে এক নজর দেখার জন্য ছুটে আসে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ কুমার মানকিন, পৌর মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।
 
সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ময়মনসিংহের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ পর পর দুই ম্যাচে সেঞ্চুরিসহ অসাধারণ নৈপুণ্য দেখান। তার এই নৈপুণ্যে গৌরবান্বিত হয়েছে ময়মনসিংহবাসী। তাকে ফুল দিয়ে বরণ করে নেয়াসহ দেয়া হয়েছে নানা উপহার সামগ্রী। অনুষ্ঠানস্থল ছিল ভক্ত ও অনুরাগীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। তার এই সংবর্ধনাকে সামনে রেখে ময়মনসিংহ শহর ছিল উত্সবমুখর।
 
রিয়াদ ছিলেন স্থানীয় পন্ডিতপাড়া এথলেটিক্স ক্লাবের একজন নিয়মিত ক্রিকেট খেলোয়াড়। ক্লাবের সভাপতি পৌর মেয়র ইকরামুল হক টিটু বলেন, তার এই সাফল্যে গর্বিত ক্লাবের কর্মকর্তা আর খেলোয়াড়রা। এনিয়ে আয়োজক কমিটির সভাপতি মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, রিয়াদকে সম্মান দিতে পেরে তারা নিজেরাও সন্মানিত হয়েছেন।
 
নিজের মাটিতে এ সংবর্ধনায় মাহমুদুল্লাহ রিয়াদ বেশ উত্ফুল্ল। তিনি বলেন, এটা তাকে অনুপ্রাণিত করবে।