বর্ণবাদবাদীদের কঠোর শাস্তি চান ব্লাটার

 

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার ক্লাব এবং সংগঠনগুলোর বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির দাবি তুলেছেন। এ ক্ষেত্রে বর্তমানে আর্থিক জরিমানা বিষয়ক যে ধারা রয়েছে তা খুবই অকার্যকর বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের সম্মেলনে বর্ণ বিদ্বেষ এবং বৈষম্যের ব্যাপারে ব্লাটার বলেন, ‘সংশ্লিষ্টদের কেবল আর্থিক জরিমানা এবং স্টেডিয়াম বন্ধ করে শাস্তি দিলে চলবে না। বর্ণবাদ চলতে থাকলে দলগুলোকে বহিষ্কার করে, পয়েন্ট অপসারণ করে এমনকি সংশ্লিষ্ট দলকে রেলিগেশনে নামিয়ে দেয়ার নিয়ম অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে।’ মিসরের কায়রো হোটেলে আয়োজিত এই উন্মুক্ত সম্মেলনের উদ্বোধন করার সময় ব্লাটার আগামী মাসে ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে আফ্রিকার কনফেডারেশনের ৫৪টি দেশের কাছে সমর্থন প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে ফিফার প্রেসিডেন্টের পদ ধরে রাখা সুইস ব্লাটার এবারের নির্বাচনেও হ্যাভিওয়েট প্রতিদ্বন্দ্বী।—সুপার স্পোর্টস