রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠে সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ের পর তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট দাঁড়ায় ৩০ ম্যাচে ৬৫। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আর ২৯ ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭১।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় দিয়েগো সিমেওনের দল। তবে গোলটি ছিল সোসিয়েদাদ ডিফেন্ডার মিকেল গনসালেসের আত্মঘাতী। ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। কোকের শট সোসিয়েদাদের গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর বল পান আতলেতিকোর আন্তোয়ান গ্রিজমান। সহজেই বল জালে জড়ান দারুণ ফর্মে থাকা ফরাসি এই ফরোয়ার্ড। স্পেনের লা লিগায় এবারের মৌসুমে এটি তার ১৬তম গোল।