বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদকে সাক্ষাত দিতে অনীহা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিল সংগঠনটি। কিন্তু ব্যস্ততার কারণে সাক্ষাৎ দেয়া সম্ভব নয় বলে সংগঠনটিকে জানিয়ে দেয়া হয়েছে।
বিএনপিপন্থী পেশাজীবীদের চিঠি পাওয়ার পরপরই অন্য চার কমিশনারদের সঙ্গে বিকালে বৈঠকে বসেন সিইসি। চিঠিতে উল্লেখিত কিছু বক্তব্যের ভাষার ব্যবহার নিয়েও আপত্তি তোলেন কমিশনারদের কেউ কেউ। পরে বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কমিশন সভা ও অন্য ব্যস্ততার কারণে স্বাক্ষাতের সময় না দেয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। বুধবার কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র ইত্তেফাককে এতথ্য নিশ্চিত করেছে।
এর আগেও বিএনপিপন্থী হিসেবে পরিচিত শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল সিইসি’র সঙ্গে স্বাক্ষাত করে ৬টি দাবি তুলে ধরেন।
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ সম হান্নান শাহ ও ব্যরিস্টার জমিরউদ্দীন সরকারের নেতৃত্বে আরো একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে স্বাক্ষাৎ করেন। এই দুই প্রতিনিধি দলের পক্ষ থেকে সিটি নির্বাচনের বিষয়ে বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরা হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী ইত্তেফাককে জানান, সিটি নির্বাচনের বিষয়ে কথা বলতেই তারা আনুষ্ঠানিকভাবে সিইসির সময় চেয়েছেন। কতজন যাবেন তা ওই চিঠিতে উল্লেখ নেই। ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল যাওয়ার পরিকল্লনা ছিল।
সিইসি কার্যালয়ে থেকে তাদেরকে জানান হয়েছে, আগামী কয়েকদিন তাদের সময়সূচি নির্ধারণ করা রয়েছে। এখনই স্বাক্ষাতের সময় দেয়া যাচ্ছে না।