মন্ত্রীরা প্রচারণায় থাকলে ব্যবস্থা: শাহ নেওয়াজ

 
সরকারের মন্ত্রী পদমর্যাদার কেউ আচরণ বিধি  লঙ্ঘন  করে প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি বলেন, মন্ত্রীরা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তারা যদি আচরণবিধি বিরোধী কাজ করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।
 
ইসি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিলে আচরণবিধি বহির্ভূত বলে গণ্য হবে। এ ছাড়া কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে সে বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকেও নির্দেশ দেয়া রয়েছে। নির্বাচনে প্রভাব পড়ে-এমন কোন কার্যক্রমে মন্ত্রীদের অংশ না নেয়ার জন্য আহবান জানান তিনি।
 
চট্টগ্রামের মন্ত্রীদের বিধি লংঘন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, চট্টগ্রামে তিন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নির্বাচনী কৌশল সংক্রান্ত যে বৈঠকটি হয়েছে, তাতে বিধি লংঘন হয়নি। কারণ এটা রুদ্ধদার বৈঠক ছিল। জনসম্মুখে তারা কোনো কর্মসূচিতে অংশ নেননি।
 
উল্লেখ্য, গত ১৮ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। গত ১লা ও ২রা এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহরের শেষ সময়। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ। তিন সিটিতে ভোট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।