রাজনৈতিক দলকে সহিংসতা প্রশমনের পথ খোঁজার ফের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা প্রশমনের পথ বের করার ফের আহবান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত সাংবাদিক সম্মেলনে সংস্থাটির মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ কথা জানান।

সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে ডুজাররিক বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের অনুরোধের ভিত্তিতেই যে কোন নির্বাচনে জাতিসংঘ সহায়তা করে থাকে। সেটা প্রযুক্তিগত সহায়তা বা অন্য যে কোন ধরনের সহায়তা প্রদানের মাধ্যমেই হোক না কেন। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সব রাজনৈতিক দলগুলোকে সহিংসতা প্রশমনের লক্ষ্যে সমাধানের উপায় খুঁজে বের করার আহবান জানিয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ রয়েছে বলেও জানান। এছাড়া সাংবাদিক সম্মেলনে ৫ এপ্রিলের ঝড়ে বাংলাদেশে হতাহতের ঘটনা তুলে ধরে বলা হয়, সরকারকে এক্ষেত্রে সহায়তার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।