মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান তার শেষ ইচ্ছার কথা জানিয়েছেন কারা কর্তৃপক্ষের কাছে। বুধবার সন্ধ্যায় কারাগারে রায় পড়িয়ে শোনার পর তিনি এই শেষ ইচ্ছার কথা জানান। তিনি জানান, শুক্রবার যেনো তার ফাঁসি কার্যকর করা হয়। আর ফাঁসি দেয়ার পর তার লাশের গোসল না করিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে কারাগারের একজন কর্মকর্তা জানান, ফাঁসি কার্যকর হওয়ার পর ধর্মীয় রীতি অনুযায়ী লাশের গোসল করিয়ে কাফনের কাপড় পরানো হয়। এরপর কফিনে ভরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই নিয়মটিও অতীতে সকল ফাঁসির ক্ষেত্রে রক্ষা করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। ফাঁসি কার্যকর করার পর লাশ গোসল করিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।