ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিকে সমর্থন করে দেশটির বিরোধী রিপাবলিকান দলের ৩১ শতাংশ সমর্থক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এতথ্য উঠে এসেছে। বার্তা সংস্থাটি এ সংক্রান্ত প্রতিবেদনও গতকাল বুধবার প্রকাশ করে।
হোয়াইট হাউস আইনপ্রণেতা এবং সমালোচকদের চুক্তির পক্ষে আনতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। আগামী জুনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বিশ্বশক্তি। কিন্তু মার্কিন রিপাবলিকানরা চুক্তির আগে এর পর্যালোচনায় কংগ্রেসের অনুমতি নিতে ভোটাভুটির আয়োজনেরও দাবি তুলেছেন। তারা ইসরাইলকে সমর্থন দিচ্ছে এবং ইসরাইল তো চুক্তির শুরু থেকেই কঠোর নিন্দা জানিয়ে আসছে। কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। পরমাণু কর্মসূচি হ্রাস করার বিনিময়ে বিশ্বশক্তি ইরানের উপর থেকে ধাপে ধাপে অবরোধ প্রত্যাহার করবে বলে ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ঘোষণা দিয়েছেন। তবে রিপাবলিকানরা এর বিরোধিতা করবে বলেও ঘোষণা দিয়েছে।