জয়পুরহাটে রডভর্তি ট্রাকে আগুন, দগ্ধ ১


জয়পুরহাটের পাঁচবিবিতে রডভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে চালক দ্রুত নামতে পারলেও পাশে থাকা কুলি শহীদুল দগ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি- নিশ্চিন্তা সড়কের ভাড়াহুত নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাট থেকে রড নিয়ে ট্রাকটি পাঁচবিবি উপজেলার ছাতিনালী বাজারে যাচ্ছিল। এ সময় পাঁচবিবি-নিশ্চিন্তা সড়কের ভারাহুত নামক স্থানে দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে পেট্রোল বোমা মারে। এতে চালক দ্রুত নামতে পারলেও পাশে থাকা কুলি শহীদুল দগ্ধ হয়।  

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিন্ত তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

দগ্ধ শহীদুল ইসলামকে  উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত কুলি শহীদুল জয়পুরহাট শহরের বুলু পাড়ার আজমত আলীর ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।