বোস্টন ম্যারাথনে হামলাকারী সারনায়েভ দোষী সাব্যস্ত

 
বোস্টন ম্যারাথন দৌঁড়ে বোমা হামলা ও পরে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যাসহ ৩০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জোখার সারনায়েভ। এই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ডও হতে পারে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
২০১৩ সালের এপ্রিলে বোস্টন ম্যারাথনে ঐ বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয় এবং আহত হয় ২৬০ জনেরও বেশি।
 
একুশ বছর বয়সী জোখার সারনায়েভের কি সাজা পাওয়া উচিত ম্যাসাচুসেটস এর বিচারকরা আগামী সপ্তাহে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসিকিউটররা বলছেন, চেচেন আমেরিকান বংশোদ্ভূত সারনায়েভ এই হামলার মাধ্যমে আমেরিকাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল।
 
বিচার কার্যক্রম চলার সময় তিনি বলেছেন, মুসলমান সম্প্রদাযের লোকজনের সাথে আমেরিকা যে আচরণ করছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই হামলা।
সারনায়েভের আইনজীবীরা ঐ হামলায় তার ভূমিকার কথা স্বীকার করলেও, তারা দাবি করছেন, পুরো বিষয়টির পরিচালনা করেছে তার বড় ভাই তামেরলান সারনায়েভ, যিনি এরই মধ্যে পুলিশের গুলিতে মারা গেছেন।
 
বড় ভাইয়ের কারণেই উগ্রপন্থী বিশ্বাসের দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি। চেচেন বংশোদ্ভূত সারনায়েভ এর পরিবার প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান।