‘খালেদা জিয়া এখনও গণতন্ত্রের জন্য বিপজ্জনক’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের  আঁচলের তলে এখনো আশ্রয় দিয়ে রেখেছেন। উনি মানুষ পোড়ানোর জন্য এখনো অনুতপ্ত হননি, ক্ষমা চাননি, তওবা পড়েননি। তাই আমরা মনে করি বেগম খালেদা জিয়া এখনো গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পদ্ধতির জন্য বিপজ্জনক ও হুমকি স্বরূপ। 
 
বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য সিটি নির্বাচনের ঘটনাকে কৌশল হিসেবে নিয়ে নিজে আপাতত আত্মরক্ষার চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়া সাপের মতো খোলস পাল্টেছেন, ভোল বদল করেছেন মাত্র, সন্ত্রাসী পথ পরিহার করেননি। এ রকম একটি অবস্থায় সব সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে। 
 
তিনি বলেন, মনে রাখতে হবে মানুষ পোড়ানোর পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে তাই খালেদা জিয়া এবং আগুন সন্ত্রাসীদের রেহাই দেয়া যায় না। 
 
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে আমরা যে সাময়িক শান্তি এবং স্বস্তি দেখছি, তা যদি স্থায়ী শান্তিতে রুপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে খালেদা জিয়া এবং আগুন সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে পরাজিত করতে হবে। তা না হলে বাংলাদেশের সাংবিধানিক, গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়া নিরাপদ হবে না।
 
জাসদ নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা জাসদের সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম খান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ আরিফুল ইসলাম পান্থ প্রমুখ। 
 
এর আগে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।