মাও সেতুংকে অবমাননার অভিযোগ

 
আধুনিক চীনের জনক মাও সেতুংকে হেয় করেছেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’র এক উপস্থাপক। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি প্রকাশ পেয়েছে। বুধবার এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।
 
সিসিটিভি’র ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উপস্থাপক বি ফুজিয়ানের মন্তব্য সমাজে গুরুতর প্রতিক্রিয়া তৈরি করেছে। সতর্ক তদন্তের মাধ্যমে এবং বিধি মোতবেক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবো আমরা।’
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সাংস্কৃতিক বিপ্লবের সময়কার একটি অপেরার আংশিক গাইছেন বি ফুজিয়ান। এক পর্যায়ে তিনি এতে নিজের মন্তব্য জুড়ে দেন। এতে তিনি বলেন, মাও জনগণকে শোচনীয় পরিস্থিতির দিকে নিয়ে গেছেন।
 

৫৬ বছর বয়সী বি সিসিটিভিতে একটি ট্যালেন্ট শো সঞ্চালনা করেন বলে জানিয়েছে কমিউনিস্ট পার্টির দাপ্তরিক সংবাদপত্র পিপলস ডেইলি। এছাড়া ২০১১ সাল থেকে তিনি চীনা নববর্ষের বিশেষ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছে দৈনিকটি।