উ. কোরিয়ার পার্লামেন্টের বিরল অধিবেশন আহ্বান

 
উত্তর কোরিয়ার পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। অধিবেশনে অর্থনৈতিক নীতিমালার পরিবর্তন বা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের রদবদলের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।
 
উত্তরকোরিয়ার পার্লামেন্টের অধিবেশন আহ্বান একটি বিরল ঘটনা। সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ)-এর অধিবেশন বছরে মাত্র এক থেকে দু’বার ডাকা হয়।
 
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ'র বরাত দিয়ে এএফপি  জানায়, বুধবার প্রায় ৬৯০ জন এসপিএ সদস্য রাজধানীতে হাজির হয়ে সাবেক নেতা কিম ইল-সুং ও কিম জং-ইলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
 
উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং-উন নববর্ষের ভাষণে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তার উপর বেশী গুরুত্ব দেন।
 
কিম দেশের কৃষি, মৎস্য ও পশুসম্পদ খাতকে ঢেলে সাজানোর কথা বলেন এবং এসব খাতকে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে রাষ্ট্র পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ে সংস্কারের কথাও বলেন।
 
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ধারা শুরু হয়েছে।