পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির দর কমেছে

 
 
 
 
 
টানা পাঁচ কর্মদিবস পুঁজিবাজারে দরপতনের পর বুধবার থামলেও বৃহস্পতিবার ফের দরপতন হয়েছে। এ দিন লেনদেনকৃত বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এ দিকে, বাজারে লেনদেনের ক্ষেত্রে কয়েক দিনের ধারাবাহিকতায় জ্বালানি ও ওষুধ খাতের প্রাধান্য অব্যাহত ছিল। এ দুই খাতে লেনদেন হয়েছে প্রায় ১৭০ কোটি টাকার, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৪৬ শতাংশ।
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ কমে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৬৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৭১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫১ কমে ১৩ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।