জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তার সরকারের ক্ষমতা হস্তান্তরের পর কোনো সংসদ-ই কার্যকর হয়নি। সংসদকে অকেজো করা হয়েছে। গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু সংসদ। কিন্তু সংসদকে অচল করার মাধ্যমে গণতন্ত্রকেও অচল করা হয়েছে।
বৃহস্পতিবার তার বনানীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এরশাদ বলেন, আমি ক্ষমতায় থাকতে মাত্র সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট নিয়ে একমাত্র মনের জোরে ও বিদেশি বন্ধুদের সহযোগিতায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। আমরা মানুষ হত্যা করিনি, উন্নয়ন করেছি। আমার সময় সন্ত্রাস ছিল না, ইয়াবা ছিল না।
জাপার ওপর অনেক অত্যাচার ও অবিচার হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এবারের সিটি করপোরেশন নির্বাচনে এর জবাব দিতে হবে। আমরা যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা দেখতে চাই। আমাদের সামনে সেই সুযোগ এসেছে, মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।
ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসরাম ভূঁইয়া ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাপা সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।