ফ্রান্স বিরোধী মন্তব্যের কারণে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞায় ইব্রাহিমোভিচ

 
 
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখানোর মাত্র একদিন পর দলটির তারকা ফুটবলার ইব্রাহিমোভিচকে ভোগ করতে হচ্ছে নিষেধাজ্ঞার শাস্তি। ফ্রান্স এবং সে দেশের রেফারির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের কারণে বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
 
বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত এক মন্তব্যে সুইডেনের এই ফুটবল তারকা বলেছেন, দেশটিতে এভাবে ফুটবল পরিচালিত হলে তারকা সমৃদ্ধ প্যারিস সেন্ট জার্মেইর মতো ফুটবল দল সেখানে টিকতে পারবে না। ওই ঘটনার কারণে ৩৩ বছর বয়সী ফুটবল তারকাকে লিগ ওয়ানে সর্বোচ্চ ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হবার শাস্তি ভোগ করতে হতে পারে। ইতোমধ্যে শেষ ষোলর লড়াইয়ে চেলসির বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির হয়ে খেলতে পারবেন না ইব্রা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
এই শুনানি আরেক সপ্তাহের জন্য নিস্প্রভ করে রাখবে ফুটবলের এই নক্ষত্রকে, যিনি একদিন আগে হ্যাটট্রিক করেছেন সেন্ট এটিনের বিপক্ষে। ফ্রান্স কাপের ওই সেমিফাইনালে পিএসজি ৪-১ গোলে জয়লাভ করে। আর মাত্র তিন মৌসুমেরও কম সময়ের মধ্যে ইব্রা ক্লাবটির হয়ে আদায় করে নিয়েছেন ১০২টি গোল। আর মাত্র ৬টি গোল পেলেই ক্লাব রেকর্ডে ভাগ বসাতে পারবেন ইব্রা। বর্তমানে ১০৭ গোল করে রেকর্ডটিতে বসে আছেন পুর্তগীজ তারকা পলেতা। তবে ঝগড়াটে আচরণের কারণে সুইডিশ এই ফুটবল তারকা বারবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে সেন্ট এথিয়েন্সের রোমেইন হ্যামৃনাকে ফাউল করার অপরাধে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ইব্রা। ওই ঘটনাটি তাৎক্ষণিকভাবে রেফারির চোখ এড়িয়ে গেলেও ভিডিও ফুটেজে ঠিকই ধরা পড়ে যায়।