ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এমাজউদ্দিন আহমদের নেতৃত্বে শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠক করেছেন। ওই বৈঠকেই ঢাকা উত্তরে তাবিথকে সমর্থনের বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। অধ্যাপক এমাজউদ্দিন সাংবাদিকের জানান, ঢাকার দুটি সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত একক কাউন্সিলর প্রার্থীও ঘোষণা করা হবে।
জানা গেছে, শিগগিরই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বড় পরিসরে দল সমর্থিত প্রার্থীদের নাম প্রকাশ করার উদ্যোগ রয়েছে বিএনপির। তবে সেটি নির্ভর করতে অনুষ্ঠানের অনুপতি পাওয়া না পাওয়ার ওপর।
ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির সমর্থনের বিষয়ে আবদুল আউয়াল মিন্টুর বিকল্প হিসেবে তার পুত্র তাবিথের পাশাপাশি বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরীর নামও ছিল আলোচনায়। বুধবারও সংবাদ সম্মেলন ডেকে খালেদা জিয়ার সমর্থন প্রত্যাশা করেন মাহী। তবে মাহীর বিষয়ে ২০ দল শরিকদের মধ্যে জামায়াতসহ অনেকে প্রবল আপত্তি তুলেছে। মাহীর পারিবারিক সূত্র জানায়, প্রত্যাশা করেও বিএনপির সমর্থন না পাওয়ায় ক্ষুব্ধ তার পরিবার। এর ফলে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে খালেদা জিয়া বা বিএনপির নতুন করে টানাপোড়েন দেখা দিতে পারে।