ওয়াশিকুর হত্যা: গ্রেফতারকৃতরা ফের ৩ দিনের রিমান্ডে

 
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় দুই মাদ্রাসাছাত্রকে দ্বিতীয় দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার তাফসির বিভাগের ছাত্র জিকরুল্লাহ ও রাজধানীর মিরপুর-১ এর দারুল উলুম মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলাম।
 
ঢাকা মহানগর হাকিম আতাউল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। গত ৩১ মার্চ তাদের প্রথম দফায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে ওই দুই মাদ্রাসা ছাত্রকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান।
 
এ ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের সম্পর্কে তথ্য জানতে দ্বিতীয় দফায় ফের ৫ দিন  রিমান্ড চান।
 
গত ৩০ মার্চ সকালে নয়টার দিকে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দিপীকার ঢাল এলাকার বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করে জিকরুল্লাহ ও আরিফসহ তিনজন। ঘটনাস্থল থেকে পালানোর সময় জনতার সহায়তায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।
 
প্রসঙ্গত, নিহত ওয়াশিকুরের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের নোয়াবাড়িতে। তেজগাঁও বেগুনবাড়ি এলাকার দীপিকা মোড়ের কাছে একটি বাড়িতে তার বাবা মোটর পার্টস ব্যবসায়ী টিপু সুলতানসহ সাবলেট ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন রাতেই  নিহতের ভগ্নীপতি মনির হোসেন মাসুদ গ্রেফতারকৃত জিকরুল্লাহ, আরিফ, পলাতক আবু তাহের ও হত্যার মূল পরিকল্পনাকারী দলনেতা মাসুমকে আসামি করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন।