রাজধানীর দারুস সালাম বাজারের সামনে সন্ত্রাসীরা নাইমুর রহমান নাঈম (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাঈমের ভাই আকরাম হোসেন পলাশ জানান—তাদের বাসা দারুস সালামের মাজার রোডের লালকুঠি এলাকায়। প্রতিবেশী তালিম নামের এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার ভাইয়ের। ওই বিরোধের জের ধরে তালিম এবং তার সহযোগীরা বাজারের সামনে নাঈমকে একা পেয়ে তার মাথায় গুলি করার চেষ্টা করে। এ সময় নাঈম পালানোর চেষ্টা করলে গুলি তার বাম গালে বিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
দারুস সালাম থানা পুলিশ জানিয়েছে—এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ তালিম নামের একজনকে আটক করা হয়েছে। তালিমের সঙ্গে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।