চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বাঙালির অন্যতম বৃহত্ সামাজিক ও সাংস্কৃতিক উত্সব পহেলা বৈশাখ উদযাপনে চট্টগ্রামে চলছে ব্যাপক প্রস্তুতি ও আয়োজন। আশা করা হচ্ছে অন্যান্য বছরের মতো এবছরও চট্টগ্রামে পহেলা বৈশাখ ১৪২২-এর বর্ষবরণ অনুষ্ঠানমালা নানা আয়োজনে সর্বস্তরের মানুষের এক মিলন মেলায় পরিণত হবে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল ইত্তেফাককে বলেন, মানুষ যাতে সুন্দরভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় যোগ দিতে পারে সেজন্য নগরীর মেলা ও অনুষ্ঠানস্থলগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা। আয়োজকদেরকে সব অনুষ্ঠান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত করার জন্য বলা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সূর্যাস্তের পর কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি।
এবারও মহানগরীর পাঁচটি স্থানে আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখের বড় অনুষ্ঠানগুলো। কেন্দ্রীয়ভাবে ডিসি হিল পার্ককে কেন্দ্র করে বর্ষবিদায়, বর্ষবরণ ও মেলা আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠান চলবে।
এদিন সকালে নগরীর রাজপথে মঙ্গল শোভাযাত্রা বের করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। ইতিমধ্যে চারুকলা চত্বরে শুরু হয়ে গেছে এর ব্যাপক আয়োজন।
এছাড়াও নগরীর মোহাম্মদ আলী রোডস্থ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল) চত্বরে বর্ষবিদায়-বর্ষবরণ পরিষদ, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) চত্বরে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, পতেঙ্গা সাগর সৈকতে সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে দিনভর পহেলা বৈশাখের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও হোটেল রেস্তোঁরা ঘরোয়াভাবে আয়োজন করতে যাচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা। তাতে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজন রাখা হয়েছে।