সিলেট নগরীর কাজীর বাজার সেতুর নির্মাণ কাজ দীর্ঘ দশ বছরেও শেষ হয়নি। কথা ছিল গত মার্চে যাবতীয় কাজ শেষ হবে। এ লক্ষ্যে দক্ষিণপাশের এপ্রোচ সড়কে বেশ তোড়জোড়ে কাজ করা হয়েছিল। কিন্তু সেখানে থাকা বেশ কটি স্থাপনা সময়মতো উচ্ছেদ করা যায়নি। যার কারণে মার্চে সেতুর কাজ শেষ হয়নি। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
সিলেটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির ইত্তেফাককে বলেন, কাজীর বাজার এলাকায় চার লেন বিশিষ্ট ৩৬৬ মিটার দীর্ঘ ও ১৯ মিটার প্রশস্ত কাজীর বাজার পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ হাতে নেয়া হয় ২০০৫ সালে। সময়মত অর্থ না পাওয়াসহ নানা কারণে কাজ পিছিয়ে যায়। ব্রিজের নির্মাণ ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ১৮৯ কোটি টাকা। তিনি জানান, ইতিমধ্যে প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ। বাকি কাজ খুব শিগগিরই শেষ করতে চেষ্টা চলছে।
গতকাল প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেতুর নান্দনিক রূপ স্পষ্ট হচ্ছে। উত্তরপাশের বহুতল ভবন থেকে সেতুটি দেখতে বেশ আকর্ষণীয় লাগে। সেতুর সৌন্দর্য অবলোকন করতে লোকজনের আনাগোনা শুরু হয়েছে।
সওজ সূত্র জানায়, ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। নানা কারণে প্রকল্প কাজ থমকে ছিল। ২০১২ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে এলে তিনি দ্রুত সেতুটির কাজ শেষ করার নির্দেশ দেন। তার নির্দেশের পর প্রকল্পে গতি আসে। সেতুর উত্তর পাড়ের এপ্রোচ সড়ক, জিতু মিয়ার বাড়ি ও ব্রিজ ঘেঁষে আরো একটি সড়কের কাজ চলতে দেখা গেছে।