ব্যস্ত এখন কাউখালীর মৃৎশিল্প পল্লী

বর্ষবরণের আয়োজন নিয়ে ব্যস্ত কাউখালীর মানুষ। চলছে নানা আয়োজন। উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় বসবে বৈশাখী মেলা। মেলাকে সামনে রেখে এখন দিনভর ব্যস্ত সময় পার করছে কাউখালীর উত্তর বাজার ও সোনাকুর গ্রামের মৃিশল্পীরা। কালের আবর্তে ঐতিহ্য আর পেশা হারিয়ে টিকে থাকা মাত্র ৮ থেকে ১০ পরিবারের সদস্যরা এখন নাওয়া-খাওয়া ছেড়ে কাজ করছেন।

উপজেলার উত্তর বাজার মৃিশল্পপাড়ায় গিয়ে দেখা গেছে, আট বছরের শিশু সুমন পাল থেকে শুরু করে সত্তরোর্ধ্ব নিরাঞ্জন পাল পর্যন্ত সকলেই কাজে মহাব্যস্ত। কথা বলার কোনও সুযোগ নেই তবুও কাজের ফাঁকে কথা হয় তাদের সাথে।
রংয়ের কাজে ব্যস্ত রবিন পাল জানান, বৈশাখী  মেলার জন্য তারা একেকটি পরিবার প্রায় আড়াই হাজার খেলনাসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছেন। বৈশাখী মেলার এখনো কয়েকদিন বাকি থাকায় অনেক খেলনা এখনো সম্পূর্ণ শুকায়নি, তাই তাতে রং না করা হলেও অর্ধেক খেলনায় রং করা হয়ে গেছে।

খেলনা সামগ্রী এক একটি ১০ থেকে ১৫ টাকা দরে বাজারে বিক্রি করা হবে। তবে বাহারি ও বড় আকৃতির অনেক খেলনা ৮০ থেকে ১শ টাকায়ও বিক্রি হবে।