কুষ্টিয়া মিরপুর উপজেলার ১ম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন জাসদ নেতা মারফত আলী। দেশ স্বাধীনের পূর্ববর্তী থেকে দেশ স্বাধীনের পরবর্তী ৮০’র দশক পর্যন্ত তিনি ছিলেন এ উপজেলার মুকুটহীন নেতা। মুক্তিযুদ্ধেও তাঁর ছিল অসামান্য ভুমিকা। তাকে বলা হতো উত্তরবঙ্গের প্রখ্যাত কৃষক নেতা। ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারী আততায়ীর গুলিতে জনপ্রিয় এই নেতা নিহত হন। উপজেলা চেয়ারম্যান থাকাকালে তাঁর বলিষ্ঠ ভুমিকার কারণে আমলা কলেজ ও মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরকারীকরণসহ উপজেলার অনেক উন্নয়ন সাধিত হয়েছে। সে সময় ডাকসাইটে নেতা মারফত আলীর সুপারিশে উপজেলার অসংখ্য বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অথচ সেই মারফত আলীর পৈত্রিক ভিটা নিজ গ্রাম মালিহাদ ইউনিয়নের মালিহাদ ‘মারফত আলী’গ্রামটিতে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। তথ্যমন্ত্রী হাসানূল হক ইনু কিছুদিন আগে গ্রামটি পরিদর্শনে এসে দেখতে পান উক্ত গ্রামের আশপাশের এলাকা বিদ্যুতায়ন করা হলেও শহীদ মারফত আলীর জন্মভিটা গ্রামটিতে কোন বিদ্যুৎ সুবিধা নেই। তখনই তিনি সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে গ্রামটিকে বিদ্যুতায়নের আওতায় আনার উদ্দ্যোগ নেন। তার ফলশ্রুতিতে আজ ১০ এপ্রিল মারফত আলী পাড়ায় শহীদ মারফত আলীর বসত ভিটাসহ ৬০টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন।